আশুলিয়ায় ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রকাশ্যে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি মাহবুব আলম মানিক সম্প্রতি এসআই আনোয়ারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেন। অভিযোগ, সেই সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে গত ১ জানুয়ারি আশুলিয়া থানা ভবনের পাশেই সাংবাদিক মানিককে হেনস্তা ও অসদাচরণ করেন অভিযুক্ত কর্মকর্তা।
সাংবাদিক মানিক দাবি করেন, প্রকাশিত সংবাদটি প্রত্যাহার বা ধামাচাপা দিতে তাকে চাপ প্রয়োগ ও ভয়ভীতি দেখানো হয়। এমনকি তার মোবাইল ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনাস্থলে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভিডিও প্রকাশের পর স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন। তারা নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের ভাষ্য, দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে যদি সাংবাদিকদের হেনস্তার শিকার হতে হয়, তবে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।
এ বিষয়ে ঢাকা জেলার (সাভার সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত এসআই আনোয়ার সাংবাদিক হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার তদন্ত চলমান রয়েছে।