চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়। ইমাম হোসেন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী কিশোরীকে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শাহজাহানের ঘরের পাশের পুকুরপাড় সংলগ্ন একটি বাগানে নিয়ে যাওয়া হয়।
সেখানে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ইমাম হোসেনসহ হৃদয় (২৫) ও রানা (২৭) পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে কিশোরীকে হুমকি দেওয়া হয়। পরে ঘটনাটি জানাজানি হলে মামলা না করার জন্য ভুক্তভোগীর পরিবারের ওপর চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এসব ঘটনার প্রেক্ষিতে শনিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারনামীয় আসামি ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি বলেন, ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। তদন্তে অভিযুক্তের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।