1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

শরীয়তপুরে সেনাবাহিনীর পৃথক অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে জেলা ছাত্রদলের সাবেক নেত্রীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।
গ্রেফতার হওয়া ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি একই এলাকার মন্টু তালুকদারের স্ত্রী।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় মন্টু তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে ওই বাড়ি থেকে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, একটি ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া দুইটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ড্যাগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ড জব্দ করা হয়। তল্লাশিকালে ইসমত জাহান ইলোরা হাওলাদারকে আটক করা হয়।
এদিকে একই রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
এছাড়াও ডামুড্যা এলাকায় পৃথক অভিযানে একটি ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট