1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

ডিবি পরিচয়ে মহিষ লুটের চেষ্টা: জেলা স্বেচ্ছাসেবক দল নেতাসহ ছয়জন আটক, গণপিটুনিতে আহত দুইজন

সিলেট প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ডিবি পুলিশের পরিচয়ে মহিষবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত দুই ছিনতাইকারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সিলেটের ওসমানীনগর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, রোববার ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের তেরমাইল এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে রয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা টিটন কুমার মল্লিক। তিনি সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের টিলাগড় আবাসিক এলাকার শৈলেন কুমার মল্লিকের ছেলে।

অন্য আটক ব্যক্তিরা হলেন খাদিমপাড়া বহর এলাকার কামরুল ইসলাম, দলাইপাড়া এলাকার মিন্টু মাহমুদ, বহর আবাসিক এলাকার তারেখ আহমদ সুরুক, খাদিমপাড়া এলাকার সৈয়দ রাসেল মাহমুদ এবং জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকার আব্দুর রশিদ।

স্থানীয় সূত্র জানায়, একটি মহিষবোঝাই পিকআপ সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস এসে সেটির গতিরোধ করে। মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিকআপের চালককে মারধর করে মহিষ নামিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় ঘটনাস্থলে লোকজন জড়ো হলে কয়েকজন ছিনতাইকারী পালিয়ে যায়। স্থানীয়রা দুজনকে ধরে গণপিটুনি দেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিটন কুমার মল্লিক ও আব্দুর রশিদকে আটক করে। এ সময় মহিষবোঝাই পিকআপ ও ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানায় নেওয়া হয়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আরও চারজনকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে মাইক্রোবাস নিয়ে মহিষবোঝাই পিকআপটির পিছু নেয় এবং পূর্বপরিকল্পিতভাবে ছিনতাইয়ের চেষ্টা চালায়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, আটককৃতরা চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট