আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ বরকত উল্ল্যাহ ভুলু নিজ আসনের ভোটার নন। ফলে তিনি নোয়াখালী-৩ আসনে নিজের ভোট দিতে পারবেন না।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বরকত উল্ল্যাহ ভুলু বর্তমানে ঢাকা-১২ আসনের ভোটার। তিনি রাজধানীর তেজগাঁও এলাকার ঢাকা রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
বরকত উল্ল্যাহ ভুলুর দাখিলকৃত হলফনামা থেকে জানা যায়, তার বর্তমান ঠিকানা তেজগাঁও পশ্চিম রাজাবাজার, ২৭ নম্বর ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অন্যদিকে তার স্থায়ী ঠিকানা নোয়াখালী-২ আসনের অন্তর্ভুক্ত সোনাইমুড়ী উপজেলার মির্জানগর গ্রাম, পোস্ট নাটেশ্বর।
তবে স্থায়ী ঠিকানা নোয়াখালী-২ আসনে হলেও তিনি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নোয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়নে।
হলফনামা অনুযায়ী, বরকত উল্ল্যাহ ভুলুর শিক্ষাগত যোগ্যতা বিএসসি উল্লেখ করা হয়েছে। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।