ডিআইজি হামিদুলের বিরুদ্ধে ৬১ কোটির বেশি অবৈধ সম্পদের মামলা করেছে দুদক।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক উপকমিশনার ও রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে বাধ্যতামূলক অবসরে পাঠানো মো. হামিদুল আলম, তার স্ত্রী ও তিন বোনের নামে ৬১ কোটি ১৯ লাখ ১৭ হাজার ৯৯২ টাকার অবৈধ সম্পদ পাওয়ার অভিযোগ উঠেছে।
এ অভিযোগে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
এক মামলায় তিন বোন, অন্য মামলায় স্ত্রী।
দুদক জানায়, এক মামলায় হামিদুল আলমের সঙ্গে তার তিন বোন—আজিজা সুলতানা, আরেফা সালমা ও শিরিন শবনমকে আসামি করা হয়েছে। অন্য মামলায় আসামি করা হয়েছে হামিদুল আলম ও তার স্ত্রী মোছা. শাহাজাদী আলম লিপিকে।
প্রথম মামলার এজাহার অনুযায়ী, হামিদুল আলম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১০ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৭৬৫ টাকার সম্পদ ঘোষণা করেন।
কিন্তু অনুসন্ধানে তার ও তার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের নামে ৩৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৬৭০ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।
অভিযোগে বলা হয়, তিনি ২৭ কোটি ৬০ লাখ ৩ হাজার ৯০৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩৫ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৯৯৫ টাকার সম্পদ অর্জন করে ভোগ-দখলে রাখেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে তিন বোনের সহায়তায় ৮ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি অর্জন করেন।
পাশাপাশি পরস্পর যোগসাজশে সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করতে স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করেছেন।
স্ত্রীর বিরুদ্ধে আলাদা মামলা
অন্য মামলার এজাহারে বলা হয়েছে, শাহাজাদী আলম লিপি তার সম্পদ বিবরণীতে ১৫ কোটি ৭ লাখ ২৯ হাজার ৯৫ টাকার সম্পদ ঘোষণা দেন। তবে দুদকের অনুসন্ধানে তার ৩৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৯৭৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।
তিনি ১৯ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য গোপন করেন এবং ২৬ কোটি ১ লাখ ২৯ হাজার ৯৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করে ভোগ-দখলে রাখেন বলে অভিযোগ আনা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগে এ মামলায় হামিদুল আলমকেও আসামি করা হয়েছে।
দুদক জানায়, দুটি মামলায় মোট ৬১ কোটি ১৯ লাখ ১৭ হাজার ৯৯২ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।