ওয়াকার-উজ-জামান বলেছেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর যে নির্দেশনা দেবে, সেই অনুযায়ী সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তিনি জানান, নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, তার সংখ্যা ইতোমধ্যে কমানো হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
ভাষণে সেনাপ্রধান নির্বাচনী দায়িত্ব পালনকালে সেনাসদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সম্পন্ন করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, সেনাপ্রধান স্পষ্টভাবে উল্লেখ করেন, সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকার নির্দেশ দিলেই তারা ব্যারাকে ফিরে যাবে।
এ সময় তিনি ইউনিটপ্রধানদের চেইন অব কমান্ড কঠোরভাবে বজায় রাখার ওপর জোর দেন। পাশাপাশি সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার আহ্বানও জানান তিনি।