নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাজারের হরগৌরী সড়কে স্থানীয়দের হাতে এ ঘটনা ধরা পড়ে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবাড়ী বাজারের হরগৌরী সড়কে দীর্ঘদিন ধরে এনজাত আলী ও ‘দুলু হুজুর’ নামে দুই ব্যক্তি খাসির মাংসের ব্যবসা করে আসছিলেন। রোববার সকালে তারা একটি কুকুর জবাই করে সেটিকে খাসির মাংস হিসেবে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কয়েকজন স্থানীয় যুবক দূর থেকে বিষয়টি পর্যবেক্ষণ করেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, খাসির পরিবর্তে কুকুরের মাংস প্রস্তুত করা হচ্ছে। বিষয়টি জানাজানি হলে বাজারজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় অভিযুক্তরা দ্রুত সটকে পড়েন। তবে স্থানীয়রা জানান, এ ধরনের প্রতারণা শুধু অনৈতিকই নয়, জনস্বাস্থ্যের জন্যও হুমকি। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়রা আশা করছেন।