দেশের সব তপশিলি ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখায় নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারী এবং নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে সার্কুলারটি প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, তপশিলি ব্যাংকসমূহের বিভিন্ন কার্যালয়ে কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা নারীদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুমের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে পর্যাপ্ত সুবিধা না থাকায় নারী কর্মকর্তা ও গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে, যা কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ তৈরির পথে বড় বাধা।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (বিআরপিডি) পরিচালক মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখায় নারী কর্মকর্তা-কর্মচারী এবং আগত নারী গ্রাহকদের জন্য স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
নির্দেশনাটি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ