1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

উখিয়ায় জামায়াতের পথসভায়- বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

উখিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সমর্থনে আয়োজিত পথসভা অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়।
৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই পথসভায় স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সঙ্গে যদি কোনো অন্যায় করা হয়, তবে মরিচ্যা লাল ব্রিজ থেকে টেকনাফ পর্যন্ত টানা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও ন্যায়ের প্রশ্নে জামায়াতে ইসলামী কখনো আপস করে না। অন্যায়, জুলুম ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী বলেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না। আগামীর বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক রাষ্ট্র, যেখানে আল্লাহর আইন ও সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্য অর্জনে জনগণকে সচেতন হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, অন্যায়ের কাছে তিনি কখনো মাথানত করেননি এবং করবেনও না। ইনসাফের পক্ষে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আগামীর বাংলাদেশ গড়তে ইনসাফের পক্ষে ‘হ্যাঁ’ বলবেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, এই জনসমাগম প্রমাণ করে—এই জনপদ পরিবর্তন চায় এবং ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় মানুষ ঐক্যবদ্ধ হতে প্রস্তুত।
পথসভা শেষে জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, এই জনসমাবেশে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি বলেন, এ যোগদান পালংখালীসহ উখিয়া-টেকনাফ অঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট