রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত হত্যা মামলার পলাতক প্রধান আসামি শাওন (২৩)-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত থেকে শুরু হয়ে ভোর ২টা পর্যন্ত মোহাম্মদপুরের শোনা মিয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বসিলা আর্মি ক্যাম্পের কাছে গোপন গোয়েন্দা তথ্য আসে যে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা একটি আলোচিত হত্যা মামলার মূল আসামি শাওন ওই এলাকায় অবস্থান করছে। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় শাওনের জড়িত থাকার দৃশ্য দেখা যায়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল দ্রুত অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করে। একই অভিযানে তার সহযোগী আরও চারজন গ্যাং সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন—
আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) ও বেলাল (৩৬)।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়—
৮টি পেট্রোল বোমা
৫ রাউন্ড শটগান গুলি
১টি চাইনিজ ছুরি
৮টি সামুরাই
৫টি চাপাতি
১টি রামদা
৬১টি ইয়াবা ট্যাবলেট
৩৫ গ্রাম ইয়াবা
৪৭৫ গ্রাম গাঁজা
৬০ পুরিয়া গাঁজা
৪টি মোবাইল ফোন
৫৮টি বিদেশি কয়েন
মাদক পরিমাপের একটি ডিজিটাল ওজন মেশিন
অভিযান শেষে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর টহল দলকে ধন্যবাদ জানান। তাদের ভাষ্য, “শাওন গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল।”
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “গত বছর প্রকাশ্য দিবালোকে সংঘটিত একটি নৃশংস কুপিয়ে হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শাওনকে শনাক্ত করা হয়। তাকে গ্রেফতারে এর আগেও একাধিক অভিযান চালানো হয়েছিল। সর্বশেষ সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা সম্ভব হয়েছে।”
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।