লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ পরীক্ষার ভাইভা চলাকালে লিখিত পরীক্ষার সঙ্গে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় তিন পরীক্ষার্থীকে অধিকতর তদন্তের জন্য লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে তিনটি বিভাগে মোট ৩৭টি পদের বিপরীতে ১১৬ জন প্রার্থীর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পদগুলো হলো অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী ও নৈশ প্রহরী।
ভাইভা গ্রহণের সময় তিন পরীক্ষার্থীর মৌখিক পারফরম্যান্সের সঙ্গে লিখিত পরীক্ষার উত্তরপত্রের উল্লেখযোগ্য অসামঞ্জস্যতা পরীক্ষকদের নজরে আসে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ভাইভা বোর্ডের সভাপতি জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের নির্দেশে ওই তিনজনকে অধিকতর তদন্তের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।
আটক পরীক্ষার্থীরা হলেন কালীগঞ্জ উপজেলার কাকিনা গোপাল রায় গ্রামের সালাম উদ্দিনের মেয়ে সোহাগী খাতুন, হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কদমা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. রায়হান এবং সদর উপজেলার রাজপুর ইউনিয়নের কৃষ্ণ মোহন রায়ের ছেলে লীপন কান্তি রায়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে এবং ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের আওতায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে একই তিনটি ক্যাটাগরির ৩৭টি পদের লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।