1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

পলাশবাড়ী কালীবাড়ি বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে নির্মম ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

গাইবান্ধা প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি বাজারের মুরগি হাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কালীবাড়ি মুরগি হাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও মুরগি ব্যবসায়ী সুমন এবং মিলনের সঙ্গে পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর গ্রামের আব্দুল হকের ছেলে রেজাউলের মুরগির খাঁচা রাখাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তর্কাতর্কি মারাত্মক রূপ নেয়।
এক পর্যায়ে সুমন ও মিলন দুই ভাই ধারালো ছুরি দিয়ে রেজাউলের পেট ও মাথায় একাধিক আঘাত করে। আকস্মিক ও নির্মম হামলায় রেজাউল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে পুরো হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আশপাশের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করেন।
আহত অবস্থায় রেজাউলকে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর কালীবাড়ি বাজারের মুরগি হাট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রকাশ্য বাজারে এমন নৃশংস হামলায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট