নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতির চেষ্টা চালানোর সময় অস্ত্রসহ এক যুবদল নেতাকে আটক করেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাত আনুমানিক ৪টার দিকে। উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কবিরাজ বাড়ির সামনের সুমনের বাড়িতে ডাকাতির চেষ্টা চলাকালে স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ সময় একজনকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী।
আটক ব্যক্তির নাম ওমর ফারুক (২৭)। তিনি বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড করালিয়া এলাকার ফিরোজ আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি যুবদলের একজন নেতা এবং নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা বজলুল করিম চৌধুরী আবেদের কর্মী হিসেবে পরিচিত। আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন,
“একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হবে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।”
স্থানীয়রা জানান, ডাকাত দলে ৩ থেকে ৪ জন সদস্য ছিল। এলাকাবাসীর চিৎকার ও প্রতিরোধের মুখে বাকিরা পালিয়ে যায়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।