মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামে জামায়াতের এক কর্মীর গবাদিপশুর খামারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বিপুলসংখ্যক গবাদিপশু, হাঁস ও ভেড়া পুড়ে মারা গেছে। খামার মালিকের দাবি, এ ঘটনায় প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শবেবরাত উপলক্ষে সন্ধ্যায় খামারে থাকা গরু, হাঁস ও ভেড়াকে খাবার দিয়ে কর্মীরা চলে যান। রাত সাড়ে ৯টার দিকে পাশের গ্রামের কয়েকজন বাসিন্দা খামারে আগুন জ্বলতে দেখে মালিকপক্ষকে খবর দেন। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে খামারে থাকা প্রায় ৫০টি গরুর মধ্যে ১৩টিকে জীবিত উদ্ধার করা গেলেও বাকি গরুগুলো আগুনে পুড়ে মারা যায়। এ ছাড়া প্রায় ৫০০টি হাঁস ও ১০টি ভেড়াও আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে।
খামার মালিক ওসমান গনি বলেন, এশার নামাজ শেষে খবর পেয়ে খামারে এসে আগুন জ্বলতে দেখি। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও মুহূর্তের মধ্যেই সব পুড়ে যায়। তার খামারে ৫০টি গরু, প্রায় ৫০০টি হাঁস, ১০টি ভেড়া এবং ১৫–২০টি মুরগি ছিল বলে তিনি জানান।
তিনি অভিযোগ করেন, তিনি জামায়াতের কর্মী হওয়ায় এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছিল। তার দাবি, অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিরা আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ওসমান গনির বাবা অভিযোগ করে বলেন, কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।