1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

জামায়াতে যোগ দিলেন ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ছাত্রদলের দায়িত্বে থাকা অবস্থায় পদত্যাগ করে একই দিনে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো। তার এই দলবদল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নিয়ামতপুর উপজেলার হেলিপ্যাড মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রকাশ্যে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন। এ সময় নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তাৎক্ষণিকভাবে তাকে ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান।
এর আগে শুক্রবার দুপুরে নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে পদত্যাগপত্র পাঠান বিদ্যুৎ চন্দ্র মাহাতো। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে দায়িত্ব পালনে অক্ষমতার কথা জানান। তবে পদত্যাগের পরপরই তার ভিন্ন রাজনৈতিক দলে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের দাবি, দায়িত্বে থাকা অবস্থায় এভাবে হঠাৎ দলত্যাগ দলীয় শৃঙ্খলার পরিপন্থি। বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
পদত্যাগ ও জামায়াতে যোগদানের বিষয়ে বিদ্যুৎ চন্দ্র মাহাতো বলেন, ‘চব্বিশের ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর কার্যক্রম আমাকে আকৃষ্ট করেছে। হিন্দু ধর্মাবলম্বী হয়েও জামায়াতে যুক্ত হওয়া সম্ভব কি না, সে বিষয়ে অনেকের সঙ্গে পরামর্শ করেছি। এরপর সিদ্ধান্ত নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, জামায়াতে ইসলামী এই দেশকে নিরাপদ করতে পারবে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। সে বিশ্বাস থেকেই ছাত্রদলের রাজনীতি ছেড়ে জামায়াতকে বেছে নিয়েছি।’
এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা বলেন, ‘কিছুদিন আগে বিদ্যুৎ চন্দ্র মাহাতো পারিবারিক সমস্যার কারণে রাজনীতি থেকে দূরে থাকার কথা জানিয়েছিল। শুক্রবার দুপুরে তার পাঠানো পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপে পেয়েছি। তার জামায়াতে যোগদানের বিষয়টি আমার জানা ছিল না।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট