যশোরের ঝিকরগাছা উপজেলায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জামায়াতের স্থানীয় নেতাদের দাবি, দুপুরে মহিলা জামায়াতের ১০-১২ জন কর্মী নির্বাচনি প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের প্রচারণায় বাধা দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। পরে খবর পেয়ে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা এসএস পাইপ, বাঁশ ও লোহার রড দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছে জামায়াত। এতে তাদের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।
অন্যদিকে, যশোর-২ আসনের বিএনপি প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াত কর্মীরা পূর্ব প্রস্তুতি নিয়ে বুলেটপ্রুফ জ্যাকেটের মতো পোশাক পরে এসে বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, ঘটনাটি মূলত দু’পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির মধ্যে সীমাবদ্ধ ছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।