নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ফেরি উদ্বোধনের খবর পেয়ে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে জড়ো হন। উদ্বোধনের কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন।
নলচিরা ঘাট এলাকার বাসিন্দা নাহিদ উদ্দিন বলেন, ফেরির ক্রেডিট নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এক পক্ষ অন্য পক্ষকে এলাকা ছাড়তে বললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে বেশ কয়েকজন আহত হন।
এদিকে ফেরি উদ্বোধনের সময় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে হাতিয়া থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, নলচিরা ঘাটে এনসিপি নেতাদের ওপর পরিকল্পিতভাবে একটি সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে বিএনপি হামলার অভিযোগ অস্বীকার করেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম বলেন, ফেরি চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির কর্মীরাই বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।