চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মিয়া (৭০) মারা গেছেন। শনিবার (আজ) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান মিয়া চট্টগ্রাম মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়ার সিপাহী বাড়ির বাসিন্দা এবং মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, আব্দুর রহমান মিয়া বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৬ ডিসেম্বর তাকে প্রথমবারের মতো চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার ফুসফুসে ক্যান্সার, উচ্চ রক্তচাপসহ একাধিক শারীরিক জটিলতা শনাক্ত করেন। চিকিৎসা শেষে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়।
এরপর কারাগারে ফেরার কয়েকদিনের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৬ জানুয়ারি তাকে দ্বিতীয় দফায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসাইন জানান, ১৭ নভেম্বর ২০২৫ তারিখে কোতোয়ালী থানার একটি বিস্ফোরক মামলায় (মামলা নং-৪৯(০৯)২৪) হাজতি হিসেবে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কারাবিধি অনুযায়ী তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।