নোয়াখালী প্রতিনিধি:
ঘটনাটি ঘটেছে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী হাট এলাকায়। স্থানীয় ছমদ আলী হাজী বাড়িতে দিনমজুর মোহাম্মদ জাকের হোসেনের বসতঘরে গভীর রাতে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৭ জানুয়ারি) গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ভুক্তভোগী মোহাম্মদ জাকের হোসেন গণমাধ্যমকে জানান, তারা চার ভাই, তাদের পরিবার ও বৃদ্ধ মাকে নিয়ে একটি ছোট্ট ঘরে বসবাস করতেন। আগুনে তাদের সবকিছু পুড়ে যাওয়ায় এখন তারা খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়েছেন।
ঘটনার পর থেকেই জাকের হোসেনের স্ত্রী ও পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন চরম দিশেহারা ভুক্তভোগী মোহাম্মদ জাকের হোসেন স্ত্রী বর্ণনা করেন।
স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এলেও ততক্ষণে সবকিছু পুড়ে যায়। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।