বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হাসান হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে আফজাল নাছেরকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কেএম আবদুল শরিফুল ইসলাম এ আবেদন করেন। প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে গ্রেফতার দেখান।
পরে একই আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনাইদের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অতিক্রম করে মহানগর দায়রা জজ আদালতের সামনে পৌঁছালে সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী অনিক কুমার দাস। পরে তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর অনিক কুমার দাস বাদী হয়ে কোতোয়ালি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।