1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

কাস্টমস গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমানের বিরুদ্ধে যুক্তরাজ্যে বিপুল সম্পদ গড়ে তোলা ও ঘুষের অর্থ বিদেশে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সিআইআইডির ডিজি হিসেবে দায়িত্ব পালন করা নেয়াজুর রহমান এর আগে ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রতিষ্ঠানকে টার্গেট করে পণ্য আটকে ঘুষ আদায় করতেন। চাহিদামতো ঘুষ না পেলে হয়রানির অভিযোগও রয়েছে।

সূত্র দাবি করছে, নেয়াজুর রহমান ব্রিটিশ পাসপোর্টধারী এবং তার স্ত্রী-সন্তান যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে তার নামে অন্তত তিনটি বাড়ি রয়েছে এবং বিপুল অর্থ ব্যাংকে জমা রয়েছে। অভিযোগ অনুযায়ী, দেশে ঘুষের অর্থ না রেখে তা দুবাই ও লন্ডনের মাধ্যমে পরিবারের কাছে পাঠানো হতো।

আরও অভিযোগ রয়েছে, মোংলা কাস্টম হাউস ও সিলেট ভ্যাট কমিশনারেটে দায়িত্ব পালনের সময় তিনি একটি সিন্ডিকেট গড়ে তোলেন, যেখানে কিছু অসাধু কর্মকর্তা ও সিএন্ডএফ এজেন্ট জড়িত ছিলেন। এই সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ আদায়, স্বর্ণ চোরাচালান এবং রাজস্ব ফাঁকির সুযোগ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিশেষ করে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট থেকে অন্তত শত কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের মধ্যে তিনি ‘ডলার নেয়াজুর’ নামে পরিচিত বলেও সূত্র জানিয়েছে।

অভিযোগ অনুযায়ী, মোংলা কাস্টম হাউসে গাড়ি ও কসমেটিকস আমদানিতে নিলাম প্রক্রিয়ায় অনিয়ম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। একইভাবে সিলেট অঞ্চলে এলসি স্টেশন ব্যবহার করে শুল্ক ফাঁকি ও অবৈধ পণ্য আমদানিতে সহযোগিতার অভিযোগ রয়েছে।

২০২৩ সালে মোংলা কাস্টম হাউসে অনিয়মের অভিযোগ ওঠার পর তাকে ঢাকা উত্তরে বদলি করা হয় বলে জানা গেছে। তবে পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে কমিশনার এবং পরে সিআইআইডির মহাপরিচালক হন।

এ বিষয়ে মোহাম্মদ নেয়াজুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২০ ডিসেম্বর ফেনী জেলায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ নেয়াজুর রহমান। তিনি ২০০৩ সালে সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) হিসেবে চাকরিতে যোগ দেন এবং বিসিএস (শুল্ক ও আবগারি) ২১তম ব্যাচের কর্মকর্তা।

অভিযোগগুলোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তদন্ত বা সরকারি বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট