পেশায় তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর একজন উপসহকারী প্রকৌশলী। মাসিক বেতন সর্বসাকুল্যে প্রায় ৪৯ হাজার টাকা। অথচ অভিযোগ উঠেছে, প্রায় ৫০ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন এই কর্মকর্তা একরামুল হক। দশম গ্রেডের এই চাকরিজীবী বর্তমানে কুমিল্লা জেলায় কর্মরত হলেও তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।
অভিযোগ অনুযায়ী, একরামুল হকের নিজের নামে প্রায় ২০ কোটি টাকার এবং তার স্ত্রীর নামে প্রায় ৩০ কোটি টাকার সম্পদ রয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৯.৯০ শতাংশের একটি প্লট রয়েছে তাদের নামে। ওই এলাকায় প্রতি শতাংশ জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা হিসেবে প্লটটির আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় ৩০ কোটি টাকা।
নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, কুষ্টিয়া সদরে নিজের নামে মোট পাঁচটি জমি কিনেছেন একরামুল হক। চওড়া হাঁস মৌজার মুক্তির পুকুরপাড় পেয়ারাতলায় প্রায় ৪.৯১ শতাংশ জমি কিনে সেখানে ছয়তলা বাড়ি নির্মাণ করেছেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
এছাড়া কুষ্টিয়া সদরের ঢাকা ঝালুপাড়া মৌজায় তার নামে প্রায় ৬৬ শতাংশ জমি রয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। একই উপজেলায় ১.২৩ শতাংশ জমিসহ একটি ফ্ল্যাট কিনেছেন তিনি, যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। আরও ৪৪.১৬ শতাংশের দুটি জমির বাজার মূল্য যথাক্রমে প্রায় ৬০ লাখ ও ৫০ লাখ টাকা।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজের ও স্ত্রীর সাম্মি আক্তারের নামে আরও পাঁচটি জমি রয়েছে। বারুইপাড়া ইউনিয়নে প্রায় ৫৫ শতাংশ জমি কিনে সেখানে পানের বরজ করেছেন, যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। কুষ্টিয়ার পোড়াদহ হাজরাহাট বাজারে তার একটি দোতলা বাড়ি ও চারটি দোকান রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।
এছাড়া হাজরাহাট মৌজায় প্রায় ১২৫.১৭ শতাংশ জমি কিনে সেখানে তামাক চাষ করছেন, যার মূল্য প্রায় ২ কোটি টাকা। একই এলাকায় আরও ২২৫.১৭ শতাংশ জমির মূল্য প্রায় আড়াই কোটি টাকা এবং ২৯৭ শতাংশ জমির মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানা গেছে।
ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী, তার স্ত্রীর নামে Dutch-Bangla Bank Limited, Sonali Bank Limited এবং Agrani Bank Limited-সহ বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাব রয়েছে। এসব হিসাবে প্রায় ২০ লাখ টাকার তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে একরামুল হক বলেন, তার সামান্য কিছু সম্পত্তি রয়েছে। বাকি সম্পত্তি তার ভাইয়ের বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ভুলবশত তার ভাই অনলাইনে কিছু ডকুমেন্ট তার নামে করে রেখেছেন।