1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শতকোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগ সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

শতকোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে সাবেক কর কমিশনার ও ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে। সরকারের সাবেক এই কর্মকর্তার দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)সহ একাধিক সংস্থাও তাঁর বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।
দুদক সূত্রে জানা গেছে, আয়বহির্ভূত সম্পদের প্রকৃত উৎস আড়াল করতে রঞ্জিত কুমার তালুকদার তাঁর বেশির ভাগ সম্পদ গড়ে তুলেছেন আত্মীয়স্বজনের নামে। অভিযোগ অনুযায়ী, স্ত্রী ঝুমুর মজুমদার, শাশুড়ি কল্যাণী মজুমদার, শালি কাকলী মজুমদার ও শালা অমিত মজুমদারের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করা হয়।
দুদকের তদন্তসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রঞ্জিতের স্ত্রী ঝুমুর মজুমদারের নামেও নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের তিনটি শাখায় তাঁর নামে অন্তত সোয়া তিন কোটি টাকার এফডিআর রয়েছে। এর মধ্যে সাভার শাখার ১১টি হিসাবে রয়েছে ১ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ২৯৪ টাকা, রাজধানীর রাজউক অ্যাভিনিউর প্রিন্সিপাল শাখার ৯টি হিসাবে ১ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ২৬১ টাকা এবং ফার্মগেট গ্রিন রোড শাখার দুটি হিসাবে রয়েছে ১১ লাখ ৯৫ হাজার ৩৯৫ টাকা।
রঞ্জিত কুমার তালুকদার ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা এসব সম্পদের অনুসন্ধান করছেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে অনুসন্ধান চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
দুদকের গোয়েন্দা প্রতিবেদনে রঞ্জিতের শাশুড়ি কল্যাণী মজুমদারের নামে ১ কোটি ৫০ লাখ টাকার এফডিআরের তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই অর্থের বিপরীতে তাঁর নিজস্ব কোনো বৈধ আয়ের উৎস নেই। এ ছাড়া তাঁর নামে সাভারের ধামরাই এলাকায় প্রায় এক কোটি টাকা মূল্যের একটি বাড়ি থাকার তথ্যও পাওয়া গেছে।
দুদক রঞ্জিত ও তাঁর স্ত্রী ঝুমুর মজুমদারের নামে একাধিক ফ্ল্যাট ও প্লট থাকার সত্যতাও পেয়েছে। তবে এসব সম্পত্তির বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র জানায়, রঞ্জিত ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য চেয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে দুদক। পাশাপাশি এই দম্পতির সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার জন্য বিএফআইইউ থেকেও সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি দেওয়া হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে অভিযুক্ত রঞ্জিত কুমার তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর স্ত্রী ঝুমুর মজুমদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সংবাদকর্মী পরিচয় দেওয়ার পর তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে ঝুমুর মজুমদারের বোন কাকলী মজুমদারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি পরে ফোন করবেন বলে জানালেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আর ফোন করেননি। পরবর্তীতে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট