1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

দুদকের মামলায় পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলী ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত গাড়িচালক হলেও আবেদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অনুসন্ধানে তার ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। এসব লেনদেনের সঙ্গে একাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার ইঙ্গিতও মিলেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আবেদ আলী সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তদন্তে প্রাপ্ত তথ্য ও নথিপত্র পর্যালোচনায় তার কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে দুদক মনে করছে।
এসব কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন উল্লেখ করে দুদক সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত সাত দিনের পরিবর্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় আবেদ আলীকে গ্রেফতার দেখানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট