1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

৮ দেশে জাবেদের ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ আদালতের, কম্বোডিয়াতেই ১১৭টি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আটটি দেশে ছড়িয়ে থাকা ২৯৭টি বাড়ি ও ৩০টি অভিজাত অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলারও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী ও ব্যবসায়ী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে গড়ে তোলা বিপুল সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন আদালত।

গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ নির্দেশনা দেন। একই সঙ্গে জাবেদসহ মোট ছয়জনের নামে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়েছে।
দুদক জানায়, সাবেক এই মন্ত্রীর বিদেশে থাকা সম্পদের তালিকা অত্যন্ত বিস্তৃত। এর মধ্যে শুধু কম্বোডিয়াতেই রয়েছে ১১৭টি বাড়ি। এছাড়া দুবাইতে ৫৯টি, মালয়েশিয়ায় ৪৭টি, যুক্তরাষ্ট্রে ৪০টি এবং থাইল্যান্ডে ২৩টি বাড়ির তথ্য পেয়েছে সংস্থাটি। পার্শ্ববর্তী দেশ ভারতে রয়েছে ৯টি বাড়ি এবং ফিলিপাইনে আরও দুটি বাড়ির খোঁজ মিলেছে। ভিয়েতনামে রয়েছে চারটি বাড়ির পাশাপাশি ৩০টি অ্যাপার্টমেন্ট।

আদালতের আদেশ অনুযায়ী, এসব স্থাবর সম্পদ জব্দের পাশাপাশি যুক্তরাষ্ট্রে জাবেদের বিনিয়োগ করা এক কোটি ডলারও অবরুদ্ধ থাকবে। দুদকের উপপরিচালক মশিউর রহমান এসব সম্পদ জব্দ ও অর্থ অবরুদ্ধের আবেদন করেন। অন্যদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জাবেদসহ ছয়জনের নামে থাকা বিপুল পরিমাণ শেয়ার অবরুদ্ধ করার আবেদন জানালে আদালত তাতে সম্মতি দেন।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক এই মন্ত্রী ও ব্যবসায়ী যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে দুদক ও সিআইডি একাধিক মামলা দায়ের করেছে।

দুদক সূত্রে বলা হয়েছে, মূলত অর্থ পাচারের মাধ্যমে বিদেশে এই বিপুল সম্পদ গড়ে তোলার তথ্য সামনে আসার পর তদন্ত শুরু হয়। পাচারকৃত অর্থের উৎস ও গন্তব্য নিশ্চিত হওয়ার পর এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট