1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

দুদকের আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু

অঢেল অবৈধ সম্পদ অর্জন এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় একজন উপসহকারী পরিচালককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় নথিপত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
দুদক সূত্র জানায়, ২০২০ সালের নভেম্বরে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) মো. কাজিম উদ্দিনকে তিন বছরের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও হিসেবে নিয়োগের অনুমোদন দেয়। প্রথম মেয়াদ শেষে একই শিক্ষাগত সনদের ভিত্তিতে তাঁর নিয়োগ নবায়ন করা হয়। তবে সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে, যা দুদকের নজরে আসে।
অনুসন্ধানে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও গুরুতর অসংগতি পাওয়া গেছে। নথিপত্র অনুযায়ী, কাজিম উদ্দিন ১৯৮৪ সালে মাধ্যমিক এবং ১৯৮৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৮ ও ২০১৯ সালে ‘দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা’ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রির সনদ দাখিল করেন।
কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা যায়, প্রশাসনিক অব্যবস্থাপনা ও আর্থিক অনিয়মের অভিযোগে ২০০৬ সালেই ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। যদিও বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত রয়েছে, তবুও ওই সময়ের সনদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জন ও বিতর্কিত শিক্ষাগত সনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদক গভীর অনুসন্ধান চালাচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে কাজিম উদ্দিনের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হয় এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তাঁর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট