নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর নেতৃত্বে বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিএনপি নেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌলভী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার রাতে হৃদয় নামে এক ছাত্রলীগ কর্মীর নেতৃত্বে কয়েকজন আবুল কাশেমের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা আবুল কাশেমকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মঙ্গলবার সকালে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”