1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

৯০ হাজার ইয়াবা ‘গায়েব’: সাংবাদিককে ১০ লাখ টাকার ঘুষ প্রস্তাবের অভিযোগে ওসি আফতাব উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় উদ্ধার হওয়া ৯০ হাজার পিস ইয়াবা ‘গায়েব’ হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

একই সঙ্গে তৎকালীন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনের বিরুদ্ধে এক সাংবাদিককে ঘুষ প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, গত বছরের ৮ ডিসেম্বর রাতে শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইমতিয়াজ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার ট্রলিব্যাগ থেকে উদ্ধার করা হয় ৯০ হাজার পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা।

আটকের পর জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ নিজেকে পুলিশ কনস্টেবল এবং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এক বিচারকের দেহরক্ষী হিসেবে পরিচয় দেন। অভিযোগ রয়েছে, এই পরিচয়ের সূত্র ধরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং উদ্ধার হওয়া ইয়াবা রহস্যজনকভাবে ‘গায়েব’ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তৎকালীন ওসি আফতাব উদ্দিনের নির্দেশেই ইয়াবার চালানটি সরিয়ে ফেলা হয় এবং তা ভাগবাঁটোয়ারা করা হয়। যদিও প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে উপস্থিত না থাকার যুক্তিতে তিনি দায়মুক্তি পান।

সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে নতুন করে আলোচনার জন্ম দেয়। অভিযোগ উঠেছে, সংবাদটি প্রকাশ ঠেকাতে সংশ্লিষ্ট এক সাংবাদিককে ফোন করে কান্নাকাটি করেন ওসি আফতাব উদ্দিন এবং ১০ লাখ টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেন।

এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অভ্যন্তরীণ তদন্তে ইয়াবা গায়েব হওয়া এবং আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে কনস্টেবল ইমতিয়াজসহ কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তবে ওসি আফতাব উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ঘুষ প্রস্তাবের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্টদের মতে, কথিত ফোনালাপের অডিও প্রকাশ পেলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ এখন নজর কাড়ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট