জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আড়ালে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মো. আব্দুল ওয়াহেদ (৫৫) গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে র্যাব-১৪ (জামালপুর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াহেদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। তিনি ২০২৫ সালের ৪ মে মাদারগঞ্জ মডেল থানায় দায়ের হওয়া প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারের পর তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকেরা পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা করেন। আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
সমবায় অধিদপ্তর সূত্রে জানা গেছে, সমিতিটির গ্রাহক সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। তাদের আমানতের পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
জামালপুর র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, র্যাবের কাছ থেকে তাকে গ্রহণের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।