ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে।
তার সঙ্গে মামলার আরেক আসামি আলমগীর হোসেনকেও আটক করা হয়েছে।
পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়–এর খবরে বলা হয়, ভারতের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটক রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন।
তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।
এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। তদন্তকারীদের মতে, হামলাকারীদের একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে।
এ ঘটনায় অন্তর্বর্তী সরকার ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারে সহায়তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
এর আগে মামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ফয়সাল করিম মাসুদ, তার মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, হামলার পেছনে কোনো ধরনের অর্থায়ন ছিল কি না তা খতিয়ে দেখতে সম্ভাব্য অর্থ লেনদেন বা গোপন করা ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে হাদি হত্যার ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে গত ৬ জানুয়ারি ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
তবে মামলার বাদী ১৫ জানুয়ারি আদালতে ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন।
এরপর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং নতুন তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন। তবে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ইতোমধ্যে ছয়বার পিছিয়েছে বলে জানা গেছে।