বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা নামেই নতুন বিভাগ গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি কুমিল্লা অঞ্চলের কৃষি উন্নয়নে খাল খনন প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস দেন।
রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ। কুমিল্লা অঞ্চলে অনেক খাল রয়েছে। কৃষি কাজকে এগিয়ে নিতে আমরা খাল খনন প্রকল্প গ্রহণ করব। এ অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়েই খাল খননের কাজ করা হবে।”
বিএনপির অতীত সরকারের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, “বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, তখন নারীদের শিক্ষা ব্যবস্থা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে করা হয়েছে। কৃষকদের জন্য ৫ হাজার টাকা কৃষিঋণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ করা হয়েছে। আমরা শুধু কথা বলিনি, কাজ করে দেখিয়েছি।”
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “অন্যান্য দল আমাদের এসব কর্মসূচি নিয়ে সমালোচনা করছে। তারা যা বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আপনারা যদি ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠনের সুযোগ দেন, আমরা জনগণের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য জনগণের ভাগ্য পরিবর্তন করা। জনগণ যদি এখন ১০ শতাংশ ভালো থাকে, আমরা চেষ্টা করব অন্তত ২০ শতাংশে নিতে। ধীরে ধীরে ১০০ শতাংশে পৌঁছাবো। অন্তত ২০ শতাংশ উন্নতিও আমাদের অনেক দূর এগিয়ে নেবে।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনি সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী।
এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৭ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।