1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ভোলা প্রতিনিধি-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে অস্বীকৃতি জানানোয় হাজেরা বেগম নামে এক নারীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। এ সময় তার ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত যুবদল নেতা দক্ষিণ আইচা ইউনিয়নের চর মানিকা ইউনিয়ন যুবদলের নেতা শাহাবুদ্দিন (৩৭)। তিনি শাহাদাৎ হাওলাদারের ছেলে। আহত হাজেরা বেগমের পরিবার জানিয়েছে, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে চর মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হাজেরা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হাজেরা বেগম জানান, গত রোববার শাহাবুদ্দিন তাকে ধানের শীষের পক্ষে ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে বলেন। তিনি এতে অস্বীকৃতি জানান। সোমবার সকালে দাঁড়ি পাল্লার পক্ষে কাজ করতে বাড়ি থেকে বের হলে শাহাবুদ্দিন তাকে পথিমধ্যে বাধা দেয় এবং ওই প্রতীকের পক্ষে কাজ করতে নিষেধ করে হুমকি দেয়।
তিনি বলেন, “আমি তার কথা মানতে অস্বীকৃতি জানালে সে আমাকে গালিগালাজ করে মারধর শুরু করে। একপর্যায়ে আমাকে বাঁচাতে আমার ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে লিমা এগিয়ে এলে শাহাবুদ্দিন ও তার স্ত্রী লাইজু বেগম তাকেও মারধর করে এবং পেটে লাথি মারে।”
হাজেরা বেগম আরও জানান, হামলার সময় শাহাবুদ্দিন তার কান ছিঁড়ে অলংকার নিয়ে যায় এবং কাঠ দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। চিকিৎসকরা তার মাথায় ছয়টি সেলাই এবং ছিঁড়ে যাওয়া কানে দুটি সেলাই দিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন নারী ও পুরুষ নাম প্রকাশ না করার শর্তে জানান, যুবদল নেতা শাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এলাকায় দখল ও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পান না। তার ভাই হেলালও যুবদলের রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় দখল বাণিজ্যের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে যুবদল নেতা শাহাবুদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট