1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

নোয়াখালীতে ওয়ারিশ সম্পত্তি দখল করে বিএনপির ওয়ার্ড কার্যালয় নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর ওয়ারিশ সম্পত্তি দখল করে বিএনপির ওয়ার্ড কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে দলটির এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি আব্দুল্লাহ আল ফারুক (৫০), তিনি অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডাক্তারহাট বাজার এলাকায়।
ভুক্তভোগীদের অভিযোগ
ভুক্তভোগী ব্যবসায়ী জিফাহ কাউসার ইবনে জায়েদ ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন,
“আমাদের প্রায় ৩০০ বছর পুরোনো ওয়ারিশি সম্পত্তির জায়গায় দলীয় প্রভাব খাটিয়ে বিএনপির কার্যালয় নির্মাণ করা হয়েছে। আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে একদল লোক এসে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রিন্স কোকারিজ’-এর সামনে জোরপূর্বক ঘর নির্মাণ করে সেটিকে বিএনপির অফিস হিসেবে ঘোষণা দেয়।”
তাদের দাবি, নির্মিত ঘরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দখল পাকাপোক্ত করা হয়েছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
ভুক্তভোগীরা আরও বলেন, কোনো ধরনের অনুমতি বা আইনি প্রক্রিয়া ছাড়াই তাদের পূর্বপুরুষের সম্পত্তি দখল করা হয়েছে। এ ঘটনায় তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
স্থানীয় বিএনপি নেতার বক্তব্য
কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা সেলিম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন,
“বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে ব্যবসায়ীর জায়গা দখলের অভিযোগ সত্য। খবর পেয়ে আমরা সরেজমিনে লোক পাঠিয়েছি, কিন্তু তিনি কারো কথা শোনেননি। আমরা তাকে বুঝিয়েছি ভোটের সময় এসব কাজ কেন করছেন।”
তিনি আরও বলেন,
“তিনি আওয়ামী লীগ-জামায়াতের কোনো এজেন্ডা বাস্তবায়ন করছেন কিনা, সেটিও সন্দেহের মধ্যে আছে। তিনি দীর্ঘদিন দুবাই প্রবাসী ছিলেন। ৫ আগস্টের পর হঠাৎ দেশে এসে সক্রিয় হয়েছেন। আগে বিএনপির কর্মসূচি এড়িয়ে চলতেন, এখন নিজেকে হাইলাইট নেতা হিসেবে তুলে ধরছেন। আমরা তাকে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির একজন ‘হাইব্রিড নেতা’ হিসেবে দেখি।”
অভিযুক্তের দাবি
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফারুক অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন,
“এটা আমার খরিদা সম্পত্তি। ওই জায়গায় আমি ঘর করছি। সড়ক ও জনপথ বিভাগ কাজ করার সময় সামনের কিছু জায়গা ড্রেনের জন্য নেওয়া হয়েছিল। বাকি জায়গায় আমি বৈধভাবেই ঘর নির্মাণ করছি।”
জেলা বিএনপির প্রতিক্রিয়া
এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন,
“বিষয়টি সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না। তবে অভিযোগের বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।”
প্রশাসনের হস্তক্ষেপের দাবি
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে ব্যক্তি মালিকানাধীন ওয়ারিশ সম্পত্তি দখলের এমন অভিযোগ উদ্বেগজনক। তারা দ্রুত প্রশাসনিক তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট