লালমনিরহাটে র্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলজাতীয় মাদকসহ এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের মোট ৫৪২ বোতল মাদক উদ্ধার করা হয়।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুক দুলালী মহিষতুলী গ্রামের মো. সমির উদ্দিন ওরফে সমুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ৫৪২ বোতল ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার করা হয়। এ সময় আয়না বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩১১ বোতল এসকাফ (ESKuf), ৯৮ বোতল ফেনসিডিল (Phensedyl) এবং ১৩৩ বোতল ফেয়ারডিল (Fairdyl)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আয়না বেগম ও তার স্বামী মো. সমির উদ্দিন ওরফে সমু দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফেনসিডিলজাতীয় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সুকৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। মাদক পরিবহন ও ব্যবসার ক্ষেত্রে তারা বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করতেন বলেও জানায় র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।