1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম সংবাদদাতা-
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে এক রাজনৈতিক কর্মীকে মাথায় গুলি করে হত্যার করা হয়েছে। নিহতের নাম জামাল উদ্দিন। এ সময় দুবৃর্ত্তদের গুলিতে আরও একজন আহত হয়েছেন। দুজনই জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকার ঘটনা এটি। গুলিবিদ্ধের নাম নাসির উদ্দিন ওরফে ছোট নাসির। দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল উদ্দিন ও নাসির উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত জামাল উদ্দিন ও আহত নাসির উদ্দিন দুজনই জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, ‘আমরা ঘটনাস্থলেই আছি। একজন ঘটনাস্থলেই মারা গেছে। গুলিবিদ্ধ আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ তবে নিহতের রাজনৈতিক পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে দুজনই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছি। কারা বা কী কারণে তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট