বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকটি পূর্বনির্ধারিত শিডিউলের অংশ নয় এবং এতে নির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। তবে দলীয় নেতাদের মতে, বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এ বৈঠকেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে।
দলীয় সূত্র জানায়, বৈঠকটি গত সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে ইঙ্গিত দেন। তিনি বলেন, দু-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে থেকে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। তাঁর প্রয়াণের মাধ্যমে দলটির সর্বোচ্চ পদটি শূন্য হয়ে পড়ে।
২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারায় বলা হয়েছে, যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন।
যদিও গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ইতোমধ্যে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত, তবে আজকের বৈঠকের মাধ্যমে দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক অঙ্গন।