রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তেজতুরী বাজারে স্টার কাবাবের পাশের গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হঠাৎ মুছাব্বির ও মাসুদকে লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজনই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত আবু সুফিয়ান মাসুদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করা হয়। তাদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আজিজুর রহমান মুছাব্বির ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
এদিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, আজিজুর রহমান মুছাব্বির ও আবু সুফিয়ান নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। মুছাব্বিরকে বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।