রাজধানীর কেরানীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একটি অটো পিস্তল ও একটি সুইস গিয়ার উদ্ধার করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টহল দল কেরানীগঞ্জ উপজেলার ভাংনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের লিডার হিসেবে পরিচিত শাহিনকে আটক করার উদ্দেশ্যে তার দোকানে অভিযান চালানো হয়। তবে সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে শাহিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে দোকানটি তল্লাশি চালিয়ে একটি অটো পিস্তল (ম্যাগাজিনসহ) এবং একটি সুইস গিয়ার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।