1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদে জায়গা পেলেন নোবিপ্রবি সভাপতি আরিফুর রহমান সৈকত

নোয়াখালী প্রতিনিধি-
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উপনির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত।

মঙ্গলবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কয়েকটি শূন্য পদ পূরণের লক্ষ্যে ‘কার্যকরী পরিষদ উপনির্বাচন-২০২৬’ আয়োজন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ও গোপন ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের যোগ্যতার ভিত্তিতে আরিফুর রহমান সৈকতকে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

ছাত্রশিবির জানায়, ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনটির পূর্ববর্তী কার্যকরী পরিষদের ১২ জন নির্বাচিত এবং একজন মনোনীত সদস্যের ছাত্রজীবন শেষ হওয়ায় পদগুলো শূন্য হয়ে যায়। পরে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত উপনির্বাচনে সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ও গোপন ভোটে ১২ জন নতুন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। ভোটগ্রহণ শেষে নবনির্বাচিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আরও একজনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন। এরপর সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়।

নবগঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা হলেন: নুমায়ের আব্দুল্লাহ (কেন্দ্র), মুহিব্বুল্লাহ আল হুসাইনী (ঢাকা মহানগর পশ্চিম), ইয়াছিন আরাফাত (গাজীপুর মহানগর), আব্দুল আলিম আরিফ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), নাজমুল হাসান পঞ্চায়েত (কুমিল্লা মহানগর), মাসুদ রানা তুহিন (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো. ইমদাদুল হক (ঢাকা মহানগর পূর্ব), জুলফিকার আলী (মেডিকেল জোন), মো. মেহেদী হাসান (সাতক্ষীরা শহর), আব্দুল্লাহ আল মঈন (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), মো. শফিকুল ইসলাম (বগুড়া মহানগর), আতিকুল ইসলাম (বরিশাল মহানগর) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরিফুর রহমান সৈকত।

এছাড়া, পুনর্গঠিত কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তদের নামও ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট