1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

মন্ত্রিত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় ভবনের মালিক।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় হিসেবে পরিচিত ভবনটির মালিক এবার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

কুমিল্লা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

২০০৮ সাল থেকে ভবনটি বিএনপির নীতিনির্ধারণী কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘ সময় ধরে এটি দলীয় কার্যালয় হিসেবে পরিচিত হলেও প্রকৃত মালিকানা ছিল জাকারিয়া তাহেরের।

রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি ভবনটি দলীয় ব্যবহারের জন্য ছেড়ে দেন এবং পরবর্তীতেও তা অব্যাহত রাখেন।

গুলশানের এই কার্যালয় দেশের রাজনীতিতে আলোচিত নানা ঘটনার সাক্ষী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ সময় এখানে অবস্থান করেন। একাধিক রাজনৈতিক টানাপোড়েন ও অবরোধ পরিস্থিতিতেও ভবনটি কেন্দ্রবিন্দুতে ছিল।

নির্বাচনে বড় ব্যবধানে জয়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম হেলাল-কে বড় ব্যবধানে পরাজিত করেন। আসনের সব কেন্দ্রেই তিনি জয়ী হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পদের তথ্য
হলফনামা অনুযায়ী, তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকা। এতে তিনি নতুন মন্ত্রিসভার অন্যতম শীর্ষ ধনী সদস্য হিসেবে বিবেচিত হচ্ছেন।

পারিবারিক ও রাজনৈতিক পটভূমি
১৯৬৫ সালে কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জাকারিয়া তাহের। যুক্তরাষ্ট্র থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

তার বাবা এ কে এম আবু তাহের কুমিল্লা-৮ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। বাবার মৃত্যুর পর ২০০৪ সালের উপনির্বাচনে সংসদ সদস্য হন জাকারিয়া তাহের। ২০০৮ ও ২০১৮ সালে পরাজিত হলেও এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে মন্ত্রিসভায় স্থান করে নিলেন তিনি।

রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি বরুড়া এলাকায় তাহের পরিবার সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও পরিচিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট