1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াতের উপজেলা সেক্রেটারি নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

শেরপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঝিনাইগাতি উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। তিনি জানান, সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহে পাঠানোর পথে তিনি মারা যান।
এর আগে বুধবার বিকেল ৩টার দিকে শেরপুরের ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে একটি নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে চেয়ার বসানোকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অপরের দিকে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো স্টেডিয়াম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায় এবং উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সন্ধ্যার পর আবারও জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে একপর্যায়ে ফের সংঘর্ষ শুরু হয়।

এই সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক।

বর্তমানে ঝিনাইগাতি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট