1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

এক বছরে প্রায় ১৪ গুণ বেড়েছে বিএনপির আয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

এক বছরের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয় বেড়েছে প্রায় ১৪ গুণ। সেই সঙ্গে বেড়েছে দলটির ব্যয়ও।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। এ সময় ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা।

অথচ আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে দলটির আয় ছিল মাত্র ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা, এবং ব্যয় ছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।

রোববার (২৭ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেয় বিএনপির একটি প্রতিনিধিদল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, গেল বছর বিএনপির আয় ব্যয়ের চেয়ে বেশি ছিল। ফলে বছর শেষে দলের ব্যাংক হিসাবে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা উদ্বৃত্ত ছিল।

রিজভী আরও জানান, ২০২৪ সালে বিএনপির আয়ের উৎসের মধ্যে ছিল জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বইপত্র বিক্রি, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান এবং ব্যাংকে জমা টাকার সুদ।

অন্যদিকে ব্যয়ের খাতে ছিল—বিভিন্ন ব্যক্তিকে আর্থিক অনুদান, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টার ও লিফলেট ছাপানো, সভার হল ভাড়া, দাপ্তরিক ক্রোড়পত্র ছাপা, রমজানে ইফতার মাহফিলসহ অন্যান্য অফিসিয়াল খরচ।

এর আগের বছর, অর্থাৎ ২০২২ সালে বিএনপির আয় ছিল ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা এবং ব্যয় ছিল ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। সেই নিয়ম মেনেই এবার বিএনপি তাদের হিসাব জমা দিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট