চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) সকালে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
ভুক্তভোগী শিশুটির নাম হীরা (৭)। সে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মো. নুর হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে খবর পাওয়া যায় ফকিরহাট এলাকায় অবস্থিত ইকোপার্কের ভেতরে এক শিশুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে অচেতন হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা নিশ্চিত করেন এটি হত্যাচেষ্টা। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি কষ্ট করে নিজের নাম-পরিচয় জানাতে সক্ষম হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।