1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ইসির অনলাইন ব্যবস্থায় সাংবাদিক কার্ড পেতে চরম ভোগান্তিতে সাংবাদিকরা

হিমেল আহাম্মেদ-বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার পেতে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা নতুন অনলাইন ব্যবস্থা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে প্রথাগত আবেদন পদ্ধতি বাতিল করে সোমবার (২৬ জানুয়ারি) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করায় বিপাকে পড়েছেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
সাংবাদিকরা জানান, অনলাইনে আবেদন করতে গিয়ে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে ওটিপি না পাওয়া, বারবার সার্ভার ডাউন, নির্ধারিত সাইজ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করতে না পারা এবং আবেদন সাবমিট না হওয়ার মতো জটিলতা দেখা দিচ্ছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নির্বাচন কমিশনের https://pr.ecs.gov.bd/ পোর্টালের মাধ্যমে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া হবে। তবে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে নতুন এই অনলাইন নিয়ম চালু করা হয়েছে। এতে ভোগান্তি বাড়বে এবং অনেক সাংবাদিক পরিচয়পত্র ও স্টিকার থেকে বঞ্চিত হবেন। তিনি আরও বলেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এ সংক্রান্ত নীতিমালাও যথাযথভাবে সংশোধন করা হয়নি।
তিনি জানান, এসব আপত্তি ও উদ্বেগ আগামী বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে।
এদিকে অনলাইন আবেদনের অভিজ্ঞতা তুলে ধরে সাংবাদিক জিএম মজিবুর রহমান বলেন, মোবাইলে ওটিপি এলেও সেটি মাত্র দুই সেকেন্ডের মতো স্থায়ী থাকে। ফলে লগইন করার আগেই ওটিপি বাতিল হয়ে যাচ্ছে।
অনেক সাংবাদিক অভিযোগ করেন, চালু মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে গেলে বারবার “The selected phone is invalid” লেখা আসছে। আবার অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে ওটিপি পৌঁছাচ্ছে না।
সাংবাদিকদের মতে, উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের ভোগান্তি আরও বেশি। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফরমেটের ফাইল প্রস্তুত করতে গিয়ে অনেককেই অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে অনেক সাংবাদিক নির্বাচনী সংবাদ সংগ্রহ ও পরিবেশন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আবেদন করতে কোনো জটিলতা থাকলে সেগুলো সহজ করার উদ্যোগ নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট