যশোরে ঘাস পোড়া বিষ পান করে মো. সাদেকুল ইসলাম (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
যশোর ডিএসবি সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৩টার দিকে সাদেকুল ইসলাম নিজ বাড়ির নিজের কক্ষে ঘাস পোড়া বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। তবে অবস্থার অবনতি হলে ওই দিন রাত প্রায় ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মো. সাদেকুল ইসলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বগাপাড়া গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাথাজনিত সমস্যায় ভুগছিলেন এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।