1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা: ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন।

মামলার আবেদনে আসামি করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এয়ার কমান্ডিং অফিসার মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, অফিসার কমান্ডিং মেইনটেইন্যান্স গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভার্নিং বডির উপদেষ্টা নুরনবী (অব.) কর্নেল, প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মো. মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজউকের চেয়ারম্যান, রাজউকের ফিল্ড সুপারভাইজার (উত্তরা), শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সাবেক উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ মোট ১৬ জনকে।

বাদীর এজাহারে উল্লেখ করা হয়, নিরাপত্তা বিবেচনা ছাড়াই যান্ত্রিক ত্রুটিযুক্ত এফ-৭ যুদ্ধবিমানকে জনবহুল এলাকায় প্রশিক্ষণ উড্ডয়নের অনুমতি দেওয়ায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলা, ক্ষতিপূরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগও আনা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, অনুপযুক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার কারণেও প্রাণহানি বেড়েছে। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা, উদ্ধার কার্যক্রম ও পুনর্বাসনে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগও করা হয়।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২১ জুলাই সংঘটিত ওই বিমান দুর্ঘটনায় বাদীর ছেলে নিহত হন। একই ঘটনায় সাক্ষী আশরাফুল ইসলামের দুই সন্তান নিহত হওয়ায় তিনি নিঃসন্তান হয়ে পড়েন। এছাড়া আরও কয়েকজন সাক্ষীর সন্তান নিহত হওয়ার বিষয়ও উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, এ ঘটনায় দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু আহত হন এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন। নিহতদের পরিবারকে সর্বোচ্চ ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট