1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

দুবাই থেকে হত্যা মামলার আসামিকে দেশে আনলো পিবিআই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে। গত ৬ মে তাকে আদালতে সোপর্দ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৩ মিনিটে নিজ বাসায় সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করা হয়।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর একই বছরের ৩১ মে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি শিবপুর মডেল থানায় আরিফ সরকারসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। প্রথমে থানা পুলিশ মামলাটির তদন্ত করলেও পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২৩ সালের ২৩ জুন পিবিআই তদন্তভার গ্রহণ করে।

তদন্ত চলাকালে একই মামলার আরেক আসামি মহসীনকে এর আগে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্য ও তদন্তে প্রাপ্ত বিভিন্ন প্রমাণের ভিত্তিতে আরিফ সরকারের সম্পৃক্ততা নিশ্চিত হয় পিবিআই।

পরবর্তীতে আরিফ সরকারের অবস্থান দুবাইয়ে শনাক্ত হলে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই।

সর্বশেষ ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেফতার করলে পিবিআই ও পুলিশ সদর দপ্তরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম তাকে দেশে ফিরিয়ে আনে। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট