কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করে তাকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনা মিয়া ওরফে ইসমাইল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক। তিনি উপজেলার ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই সৈকত মজুমদার ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি দল ধান্যদৌল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় সোনা মিয়ার বসতঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, “সে মাদকের সঙ্গে জড়িত—এটা আমাদের জানা ছিল না। মাদক ব্যবসায়ীদের দলে কোনো স্থান নেই।”
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।