1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে অফিস ও প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার অভিযোগে বিএনপির ছয় নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু এবং সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, গত রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে সারোয়ার আউয়ালসহ কয়েকজন নেতা লোকজন নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

এ সময় তারা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং অভিযোগ রয়েছে, শিক্ষকদের গালাগাল দেন। এক পর্যায়ে বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। এতে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ছোটাছুটি করে স্থান ত্যাগ করে।

পরবর্তীতে অভিযুক্তরা বিদ্যালয়ের অফিস কক্ষ ও প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রায় এক ঘণ্টা পর তারা আবার এসে তালা খুলে দেন।

গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি জানান, ঘটনার পরদিন (২০ এপ্রিল) ইউনিয়ন বিএনপি জরুরি সভা করে। সভায় উপস্থিত কমিটির ২২ সদস্য অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন এবং বিষয়টি উপজেলা বিএনপিকে জানানো হয়।

তিনি আরও জানান, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপজেলা বিএনপি ওই প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের আজীবন বহিষ্কার করে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ বলেন, শিক্ষার পরিবেশ বিঘ্নিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দল কঠোর অবস্থান নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট